যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের ধরন বদলে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Published: September 21, 2026, 8:02 am

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।

আলআলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, এই পরিবর্তনের আওতায় যুদ্ধের ভৌগোলিক সীমানা এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামে বড় ধরনের বদল আসবে। এছাড়া সম্পূর্ণ নতুন সক্ষমতার আধুনিক অস্ত্র রণক্ষেত্রে নিয়ে আসা হবে। তার এই বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

আইআরজিসির মুখপাত্র আরও সতর্ক করে বলেন, নতুন করে কোনো সংঘাত শুরু হলে ইরানের লক্ষ্যবস্তুগুলো আর আগের জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে, যেগুলোতে আগে কখনো হামলা চালানো হয়নি।

এদিকে হরমুজ প্রণালিতে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উন্নত প্রযুক্তির এমকিউ-৯ ড্রোন হারানোর পর মার্কিন বাহিনী আবারও পুরোনো এমকিউ-১ ড্রোন ব্যবহারে বাধ্য হয়েছে। আইআরজিসির দাবি, তাদের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমকিউ-১ এবং এমকিউ-৯—উভয় ধরনের ড্রোনই সফলভাবে শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলও উল্লেখযোগ্য হারে কমে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy