মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

Published: September 21, 2026, 7:54 am

মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার ফজরের আজানটিই ছিল মসজিদুল হারামে তার দেওয়া জীবনের সবশেষ আজান।

প্রয়াত এই মুয়াজ্জিনের জানাজা সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামে অনুষ্ঠিত হবে। এরপর তাকে আল-মুয়াল্লা কবরস্থানে সমাহিত করা হবে।

শেখ ইব্রাহিম আল মাদানি ১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন। ধর্মীয় আবহে বেড়ে ওঠা শেখ ইব্রাহিমের ওপর তার দাদার প্রভাব ছিল অত্যন্ত গভীর, যিনি একজন হাফেজ ছিলেন। পরবর্তীতে তিনি কুরআন বিষয়ক অধ্যয়নে প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তিনি মুয়াজ্জিন হিসেবে তার কর্মজীবন শুরু করেন। কলেজজীবন শেষ হওয়া পর্যন্ত তিনি স্থানীয় তিনজন প্রতিবেশীর সঙ্গে পালাক্রমে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এরপর মদিনার বাইরে শিক্ষকতার দায়িত্ব পালনের কারণে তিনি কিছু সময়ের জন্য এই দায়িত্ব থেকে বিরত ছিলেন।

১৪২৮ হিজরি সালে ‘মসজিদ আল-মাদদাহ’তে আজান দেওয়ার জন্য পুনরায় আমন্ত্রিত হন তিনি। সেখানে দায়িত্ব পালন শেষে মক্কার গ্র্যান্ড মসজিদে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি আজান দিয়েছেন। ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। মদিনায় বেড়ে ওঠার কারণে আজান দেওয়ার ক্ষেত্রে তিনি মদিনার ঐতিহ্য ও শৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এছাড়া বাবার সঙ্গে মক্কা সফরের সুবাদে তিনি মক্কার স্বতন্ত্র আজানশৈলীর সঙ্গেও পরিচিত হয়েছিলেন।

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh