ইসরাইলের রাজনৈতিক ময়দানে নাটকীয় মোড় নিয়ে ক্ষমতার লড়াইয়ে নতুন সংকটের মুখে পড়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টার অংশ হিসেবে সম্ভাব্য সরকার গঠনের যে প্রক্রিয়া চলছিল, সেখান থেকে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে বামপন্থি রাজনৈতিক জোট ডেমোক্রেটস। মঙ্গলবার এই সিদ্ধান্ত আসায় ইসরাইলের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আইজেনকটের সম্ভাব্য পথ আরও কঠিন হয়ে পড়েছে।
একই দিনে অবশ্য কিছুটা স্বস্তির খবরও পেয়েছে আইজেনকটের দল ইয়াশার। তারা জানিয়েছে, ডানপন্থি রাজনৈতিক দল ইসরাইল আওয়ার হোম-এর সঙ্গে জোট গঠনের একটি সমঝোতায় পৌঁছেছে তারা। গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট কর্তৃক সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর এটিই আইজেনকটের প্রথম আনুষ্ঠানিক জোট চুক্তি, যাকে সরকার গড়ার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তবে ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে ডেমোক্রেটস ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরাইল আওয়ার হোমসহ আইজেনকটের সম্ভাব্য জোটের ঝুলিতে রয়েছে মাত্র ৪৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের এখনো অন্তত ১৩টি অতিরিক্ত আসনের প্রয়োজন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোন রাজনৈতিক পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। এতে করে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই প্রয়োজনীয় আসনসংখ্যা না পাওয়ায় দেশে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আইজেনকটকে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। যদি আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হন, তবে পরবর্তী সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। দুজনের কেউই সরকার গড়ে তুলতে না পারলে ইসরাইলকে আবারও নতুন নির্বাচনের মুখে পড়তে হতে পারে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অথবা নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসরাইলের মোট জনসংখ্যার ২১ শতাংশ প্রতিনিধিত্বকারী সংখ্যালঘু আরব দলগুলো এই নির্বাচনে রেকর্ড ১৯টি আসন লাভ করেছে, যাকে নেতানিয়াহু সরকারের বর্ণবাদী নীতির বিরুদ্ধে সাধারণ জনগণের মানসিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আরব দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দেন। তবে আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গী আভিগদর লিবারম্যানসহ কয়েকজন ডানপন্থি নেতা আরব দলগুলোর সঙ্গে সমঝোতা বা জোট গঠনের তীব্র বিরোধিতা করছেন। এর বিপরীতে ডেমোক্রেটসের প্রধান ইয়াইর গোলান আরব দলগুলোর সমর্থন নেওয়ার জন্য আইজেনকটের ওপর নিরবচ্ছিন্ন চাপ দিয়ে আসছিলেন, যাতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়।
আরব দলগুলোর বিরোধিতা ছাড়াও নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ এবং উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে আইজেনকটের দল ইয়াশারের সম্ভাব্য ঐক্য সরকার গঠনের আলোচনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইয়াইর গোলান। ইয়াশারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, পুনরায় নির্বাচন এড়াতে এবং যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের আন্তরিক অঙ্গীকার হিসেবে তারা লিকুদ ও উগ্র-অর্থোডক্সদের সঙ্গে আলোচনার সব পথ যাচাই করে দেখছিল। কিন্তু মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে ডেমোক্রেটস স্পষ্ট করে জানিয়ে দেয়, ইয়াশারের সঙ্গে তাদের জোট গঠনের আলোচনা স্থগিত করা হচ্ছে। তারা জানায়, আলোচনার টেবিল থেকে ঐক্য সরকারের সম্ভাবনা পুরোপুরি বাদ দিতে হবে। লিকুদ ও উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে ইয়াশারের যোগাযোগ পুরো জোট গঠনের দর-কষাকষিকে প্রভাবিত করছে বলেও উদ্বেগের কথা উল্লেখ করেছে ডেমোক্রেটস।
অন্যদিকে বর্তমান রাজনৈতিক সমীকরণে নেতানিয়াহুর পক্ষেও সরকার গঠন করা সহজ নয়। তার নেতৃত্বাধীন প্রচলিত জোটে থাকা উগ্র-ডানপন্থি ও উগ্র-অর্থোডক্স দলগুলো সম্মিলিতভাবে ৫৩টি আসন পেয়েছে, যা নেসেটে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো আটটি আসন দূরে রয়েছে। ফলে দুই পক্ষের দর-কষাকষিতে ইসরাইলের ক্ষমতার মসনদ দখলের লড়াই আরও জটিল রূপ নিয়েছে।





