রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন, যা পরদিন বুধবার জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন অভিযুক্ত আবুল হাসানকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তার পক্ষ থেকে কোনো জামিনের আবেদনও জমা দেওয়া হয়নি। এর আগে গত সোমবার রাত আটটার দিকে ময়মনসিংহ এসআরবি-১১ কার্যালয় এলাকা থেকে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আবুল হাসানকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবির আন্দোলনকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আশপাশে থাকা নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে দায়ের করা এ মামলায় আবুল হাসান এজাহারনামীয় ১৭১ নম্বর আসামি।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর আলোচনায় আসেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটে, তার সঙ্গে সম্পৃক্ততার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে ডিএমপির সিটিটিসিসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয় এবং সর্বশেষ তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।





