টুঙ্গিপাড়ায় একযোগে পদত্যাগ করলেন বিএনপির ৬ ইউনিয়ন নেতা

Published: November 25, 2026, 8:49 am

দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয়জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং নির্বাহী কমিটির দুই সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নেতারা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান সিদ্ধান্ত ও সাংগঠনিক কর্মকাণ্ডের গতিধারা তাঁদের সন্তুষ্ট করতে পারেনি। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজেদের সিদ্ধান্তে নিজ নিজ দলীয় পদের পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

একই ইউনিয়ন শাখায় ছয় নেতার এভাবে একযোগে সরে দাঁড়ানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এই পদত্যাগের কী প্রভাব পড়বে, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে কৌতূহল দেখা দিয়েছে। তবে এ পদত্যাগের বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh