রাজউকের ভুয়া অনুমোদন ও সিল নকল করে আবাসন কোম্পানির প্রতারণা: টিআইবি

Published: November 25, 2026, 8:27 am

ঢাকা শহরের বেসরকারি আবাসন খাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সিল ও প্যাড জাল করে ভুয়া অনুমোদনপত্র এবং লে-আউট প্ল্যান প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বহু রিয়েল এস্টেট কোম্পানি। একই সঙ্গে তারা কোম্পানির নিজস্ব রেজিস্ট্রেশন নম্বরকে প্রকল্পের নিবন্ধন নম্বর হিসেবে দেখিয়ে প্লট বিক্রি করছে। বুধবার ঢাকার টিআইবি কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উত্থাপন করে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গবেষণায় দেখা গেছে, বিভিন্ন আবাসন কোম্পানি তাদের প্রস্তাবিত লে-আউট প্ল্যানে খেলার মাঠ, বিদ্যালয়, উপাসনালয় ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা নির্মাণ করে না। এমনকি পরবর্তীতে এসব সামাজিক সুবিধার জন্য সংরক্ষিত জমি বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে। জনসংখ্যা অনুপাতে প্রয়োজনীয় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার মতো পরিকল্পনার নির্ধারিত মানদণ্ড অনুসরণে উদাসীনতা দেখা যায়। আইনগত বাধ্যবাধকতা এবং কমিউনিটি সুবিধা দেওয়ার দায় এড়াতে তারা বড় প্রকল্পকে ছোট ছোট অংশে ভাগ করে বাস্তবায়ন করে। এছাড়া বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও ক্রেতাদের কাছ থেকে সুযোগ-সুবিধার দোহাই দিয়ে অতিরিক্ত চার্জ আদায় করা হয়।

টিআইবি জানিয়েছে, পরিবেশগত নানা শর্ত ও অনুমোদিত প্ল্যানের কোড উপেক্ষা করে অনুমোদিত সীমানার চেয়ে অনেক বেশি জমিতে আবাসন প্রকল্প পরিচালনা করা হচ্ছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, ঢাকার হোলান ও আশকোনা এলাকায় একটি রিয়েল এস্টেট কোম্পানি অনুমোদিত ৪৩ একর ভূমির বিপরীতে প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্প সম্প্রসারণ ও বিপণন শুরু করে। পরবর্তীতে হাইকোর্ট ওই কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেন।

গবেষণার ফলাফলে আরও বলা হয়, অনুমোদিত প্রকল্পের নকশা, ভূমির ব্যবহার কিংবা অবকাঠামোগত বিন্যাসে বেআইনি পরিবর্তন আনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয় না এবং ধুলোবালি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয় না। রাতে বিকট শব্দে কাজ চালানো ও পাইলিংয়ের ফলে আশপাশের অধিবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয় এবং সংলগ্ন ভবনের কাঠামোগত ক্ষতি সাধিত হয়। এছাড়া ভুয়া দলিল ও রেজিস্ট্রেশন নম্বর তৈরি, প্লট নম্বরকে মৌজা নম্বর হিসেবে চালানো এবং প্রকল্পের অনুমোদনের বিষয়ে অসত্য তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। কোম্পানিগুলোর মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত, পারিবারিক কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি এবং বার্ষিক ১০-২০ হাজার টাকা চুক্তিতে অন্যের জমিতে সাইনবোর্ড টাঙিয়ে সেগুলোকে প্রকল্পের জমি দেখিয়ে প্লট বিক্রি করা হচ্ছে। জমি কেনা বা অধিগ্রহণ শেষ হওয়ার আগেই বাজারজাতকরণ শুরু করা এবং একই প্লট একাধিক ক্রেতার কাছে বিক্রি করে আর্থিক প্রতারণা চালানো হচ্ছে।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, প্রভাবশালী ক্রেতাদের স্বার্থ রক্ষার্থে পূর্বনির্ধারিত প্লট অদলবদল করে সাধারণ ক্রেতাদের নিম্নমানের ও কম দামি প্লট দেওয়া হয় বা তাদের বরাদ্দ বাতিল করা হয়। হস্তান্তর ও মূল্য পরিশোধের ক্ষেত্রে দীর্ঘ বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফা বরাদ্দ বাতিল, বিবিধ হয়রানি এবং পরিশোধকৃত অর্থ ফেরত দিতে গড়িমসি বা আত্মসাৎ করার মতো ঘটনা ঘটছে। পাশাপাশি প্লট বিক্রির ক্ষেত্রে ডেভেলপারের অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করে ক্রেতার নিজস্ব স্বাধীনতাকে সংকুচিত করা হচ্ছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতের কোম্পানিগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানে ‘কোনো অনিয়ম হচ্ছে না’ তা চিহ্নিত করা প্রায় অসম্ভব। সবাই সমান মাত্রায় ক্ষমতা ও আইনের অপব্যবহার না করলেও, কম-বেশি লঙ্ঘনের মাত্রা সর্বত্রই রয়েছে। সার্বিকভাবে পুরো খাতের প্রায় সকল সংস্থার বিরুদ্ধে এই ধরনের অনিয়মের দৃষ্টান্ত বা সুনির্দিষ্ট অভিযোগ বিদ্যমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin