কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় দেওয়া বিভিন্ন ছাড়ের সুযোগ নিয়ে গত এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংকগুলো প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। তবে বিপুল অঙ্কের এই ঋণ নবায়নের পরেও ব্যাংক খাতে খেলাপির ঊর্ধ্বগতি ঠেকানো যায়নি। আলোচ্য তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ উল্টো আরও ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, পুনঃতফসিলের এই সুযোগ দেওয়া না হলে খেলাপি ঋণ বৃদ্ধির অঙ্ক আরও বড় হতে পারত।
ব্যাংকাররা জানান, বিগত কয়েক বছর ধরেই দেশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। সম্প্রতি নতুন সরকার গঠনের পরও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ নতুন করে চাপের মুখে পড়ে। এতে অনেক ঋণগ্রহীতাই নিয়মানুযায়ী ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে খেলাপিদের ঋণ পরিশোধের পথ সহজ করতে নামমাত্র ডাউন পেমেন্টে পুনঃতফসিল সুবিধাসহ নানা ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বড় ও মাঝারি ঋণগ্রহীতা উভয়েই আগের তুলনায় বেশি পরিমাণ ঋণ পুনঃতফসিল করা শুরু করেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল নীতিমালায় একাধিকবার শিথিলতা আনে। সাধারণ বিধিতে পুনঃতফসিল করতে সাধারণত সাড়ে চার শতাংশ ডাউন পেমেন্ট জমা দিতে হয়, যেখানে সর্বোচ্চ সাত বছর পরিশোধ মেয়াদ এবং এক বছরের গ্রেস পিরিয়ড থাকে। নতুন সুবিধায় এসব শর্ত শিথিল করা হয়েছে। এখন এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণের ক্ষেত্রে গ্রাহকরা দুই বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ পাচ্ছেন। আর এক হাজার কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে পরিশোধের সময়সীমা দেওয়া হচ্ছে ১০ বছর। ছোট ও মাঝারি ঋণে ডাউন পেমেন্ট ২ শতাংশ নির্ধারণ করে তা দুই ধাপে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে—আবেদনের সময় ১ শতাংশ এবং পুনঃতফসিল কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে বাকি ১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের এই শিথিল নীতিমালার সুযোগ কাজে লাগিয়ে গত এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো মোট ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল সম্পন্ন করে। এই তালিকায় দুর্বল ব্যাংকের পাশাপাশি ভালো পারফর্ম করা ব্যাংকও রয়েছে। যেমন, এপ্রিল-জুন প্রান্তিকে ইসলামী ব্যাংক ৩,০৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। কিন্তু তা সত্ত্বেও ব্যাংকটির খেলাপির পরিমাণ কমানো যায়নি। জুন প্রান্তিক শেষে ইসলামী ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮,৯১৫ কোটি টাকায়, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৫২.১৫ শতাংশ। ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে কোন গতি না আসাতেই তাদের খেলাপি ঋণ ঊর্ধ্বমুখী রয়েছে।
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন এ বিষয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার সুবিধার আওতায় বড় ঋণগ্রহীতারা এখনও সেভাবে এগিয়ে আসছেন না। এখন পর্যন্ত মূলত মাঝারি গ্রাহকরাই বেশি পুনঃতফসিল করেছেন। বড় গ্রাহকদের যে পরিমাণ ডাউন পেমেন্ট দিতে হয়, তা দিতে তারা আগ্রহ দেখাচ্ছেন না, ফলে তাদের ঋণ পুনঃতফসিলও হচ্ছে না।
একই তিন মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১,৯৭৭ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করে। উক্ত প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১০,৬৪৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬.৪৭ শতাংশ। এ ছাড়া এবি ব্যাংক ১,২৫৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করলেও তাদের খেলাপি ঋণ ২০,৩২৫ কোটি টাকায় গিয়ে ঠেকেছে, যা তাদের মোট ঋণের ৫৬.০৪ শতাংশ।
অন্যান্য ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি টাকা, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি টাকা এবং যমুনা ব্যাংক ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। পাশাপাশি অগ্রণী ব্যাংক ৪৭৩ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭২ কোটি টাকা এবং ব্যাংক এশিয়া ৪৫৫ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। তবে পুনঃতফসিলের সার্বিক বিষয় নিয়ে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
তবে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানান, খেলাপি ঋণ কমাতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি কার্যকর নীতিমালা দিয়েছে এবং সেগুলো কাজে লাগিয়েই ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। পুনঃতফসিল তার মধ্যে একটি অন্যতম মাধ্যম। অনেকে ইতিমধ্যে ঋণ পুনঃতফসিল করেছেন, অনেকে আবার নতুন করে আসছেন। আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরে এই নীতিমালার সুফল স্পষ্টভাবে দেখা যাবে। একই ধরনের অভিমত প্রকাশ করে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, সার্বিক অর্থনৈতিক শ্লথগতির কারণে গ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা কিছুটা কমে গেছে। প্রদত্ত সুবিধাগুলোর প্রভাব সব ক্ষেত্রে এক দিনে দেখা যায় না, তবে ধীরে ধীরে গ্রাহকরা সুবিধা নিতে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে একটি ইতিবাচক চিত্র পাওয়া যাবে।
অন্যদিকে, এপ্রিল-জুন প্রান্তিকে বিপুল পরিমাণ ঋণ পুনঃতফসিলের পাশাপাশি ব্যাংকগুলো মোট ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে। ব্যাংকভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১৫০ কোটি টাকার সুদ মওকুফ করেছে প্রাইম ব্যাংক। এ ছাড়া ইউসিবি ৭৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি টাকা, সোনালী ব্যাংক ৬৭ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৬৬ কোটি টাকা, কৃষি ব্যাংক ৫৪ কোটি টাকা, জনতা ব্যাংক ৩৯ কোটি টাকা, সাউথ বাংলা ব্যাংক ৩৭ কোটি টাকা, পূবালী ব্যাংক ৩৬ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৩৪ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ৩১ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৩০ কোটি টাকা, যমুনা ব্যাংক ২২ কোটি টাকা এবং মিডল্যান্ড ব্যাংক ১৭ কোটি টাকার সুদ মওকুফ করেছে।





