আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৩ বেসামরিক নাগরিক নিহত

Published: September 21, 2026, 5:32 am

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমান থেকে নতুন করে হামলা চালানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ও ভোরে কুনার ও পাকতিকা প্রদেশে চালানো পৃথক এই বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম খ্যামা প্রেস এই তথ্য নিশ্চিত করেছে।

তালেবান সূত্র জানায়, প্রথম হামলাটি চালানো হয় সোমবার রাত আড়াইটার দিকে কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামে। সেখানকার একটি বাড়িকে লক্ষ্য করে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালালে তিন বেসামরিক ব্যক্তি প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। এর প্রায় দেড় ঘণ্টা পর ভোর ৪টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। এই হামলায় বারমাল জেলার তোর কান্দি এলাকার একটি পরিত্যক্ত দোকান এবং রাখায় একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিমান হামলার বিষয়ে সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় জঙ্গিদের সঙ্গে এক সংঘর্ষে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হওয়ার এক দিন পরই এই বিমান হামলার ঘটনা ঘটল। পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করে আসছে, কোহাটে সাম্প্রতিক হামলাসহ দেশটির বিভিন্ন স্থানে নাশকতার পেছনে আফগানিস্তান থেকে আসা জঙ্গিরা জড়িত।

پاکستان সরকারের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের অভ্যন্তরে নিরাপদ আস্তানা গেড়ে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। যদিও তালেবান প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রাণঘাতী হামলা বৃদ্ধি পাওয়ার পর থেকে পাকিস্তান তাদের সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা জোরদার করেছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সীমান্ত অঞ্চলে বিমান হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান দাবি করে আসছে, তারা কেবল টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর জঙ্গি অবকাঠামো লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার থেকে এই হামলাগুলো চালাচ্ছে। অন্যদিকে, তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের এই পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh