মিস ইউনিভার্স ২০২৬: মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

Published: November 25, 2026, 5:14 am

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেটো। সান জুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।

চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর প্রতিযোগীরা। শেষ পর্বে তাদের সবাইকে একটি অভিন্ন প্রশ্ন করা হয়—বর্তমানে বিশ্ব তার নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী আশা করে? জবাবে জেনিফার বারেটো জানান, তিনি মনে করেন বিশ্বের এমন নেতা প্রয়োজন যারা পেশাদারভাবে সহানুভূতিশীল। মানুষ প্রায়ই অন্যদের বিচার করে ও প্রশ্নবিদ্ধ করে, কিন্তু একজন নেতার উচিত নিজস্ব মূল্যবোধের পক্ষে দাঁড়ানো, দৃষ্টান্ত স্থাপন করা এবং মানদণ্ড আরও উঁচুতে তুলে ধরা।

জেনিফার বারেটোর এই জয়ের মাধ্যমে পুয়ের্তো রিকো ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতল। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরাহ কার্থি-দিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। এছাড়া ঘরের মাটিতে এটি পুয়ের্তো রিকোর দ্বিতীয় জয়। এর আগে ২০০১ সালে আয়োজক দেশ হিসেবে মুকুট জিতেছিলেন ডেনিস কুইনোনেস।

এবারের আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা সামিরা খান মাহি মূল পর্বে গিয়ে বাদ পড়েন। তিনি শীর্ষ ৩০-এ জায়গা করে নিতে পারেননি। ভারতের প্রার্থী কাজিয়া লিজ মেজো শীর্ষ ৩০-এ অবস্থান করে নিলেও শীর্ষ ১২-তে জায়গা পাননি। মিস ইউনিভার্সের ৭৫ বছর পূর্তি বা ডায়মন্ড এডিশন উপলক্ষে এবার ৩ হাজার ১৫০টি হীরা খচিত ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের নতুন মুকুট উন্মোচন করা হয়।

১৩০টিরও বেশি দেশ নিয়ে এবারের আসর শুরু হলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতা, ফ্র্যাঞ্চাইজি বিরোধ ও ব্যক্তিগত কারণে ১৫টি দেশ সরে দাঁড়ায়। কর্পোরেট ও ফ্র্যাঞ্চাইজি বিরোধের জেরে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অংশ নেয়নি। এছাড়া মার্কিন ভিসা জটিলতায় অংশ নিতে পারেনি নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও রিপাবলিক অব দ্য কঙ্গো।

এবারের আসর ঘিরে বেশ কিছু বিতর্কও ছিল। ফাইনালের আগে সাবেক মিস মিশিগান ইউএসএ টেইলর হেইল মিস ইউনিভার্স কর্তৃপক্ষের সমালোচনা করে জানান, এটি কোনো সুস্থ সংস্থা নয় এবং এখানে নারীদের সুরক্ষা নেই। এছাড়া ন্যাশনাল কস্টিউম পর্বে ইসরাইলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোঙ্কা জেরুজালেমের পুরনো শহরের আদলে তৈরি এবং ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ লেখা পোশাক পরায় দর্শকদের দুয়োধ্বনি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন। মিস ইউনিভার্সের আগামী ৭৬তম আসর বসবে ভিয়েতনামে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin