সম্পর্কের ইতি টানলেন ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি ও লি দো–হিউন

Published: November 25, 2026, 5:06 am

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘দ্য গ্লোরি’র তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন তাঁদের সম্পর্কের ইতি টেনেছেন। প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর এই তারকা জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে।

এজেন্সির একজন কর্মকর্তা জানিয়েছেন যে, সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তবে বিচ্ছেদের পরও তাঁরা একে অপরের ভালো সহকর্মী হিসেবে পাশে থাকার এবং সমর্থন বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচয় হওয়া এই জুটির সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৩ সালের এপ্রিলে। সম্পর্ক ঘোষণার কিছুদিন পরই লি দো–হিউন বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। সামরিক জীবনের পুরো সময়জুড়ে লিম জি–ইয়ন পাশে ছিলেন, যা ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল। এমনকি চলতি বছরের জুলাই মাসেও এই জুটিকে একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল, যা থেকে তাঁদের সম্পর্কের গভীরতা সম্পর্কে ভক্তরা ধারণা পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁদের এই পথচলা আর দীর্ঘস্থায়ী হলো না।

অভিনেত্রী লিম জি–ইয়ন ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় পা রাখেন। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে ‘দ্য গ্লোরি’ সিরিজে পার্ক ইয়োন–জিন চরিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’।

অন্যদিকে, ১৯৯৫ সালের ১১ এপ্রিল জন্ম নেওয়া অভিনেতা লি দো–হিউন ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে আসেন। ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। ‘দ্য গ্লোরি’তে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি এনে দেয়। ২০২৩ সালে সামরিক সেবায় যোগ দেওয়া এই অভিনেতা ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে অভিনয়ে ফেরার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo