উত্তরাধিকার পেরিয়ে রাষ্ট্রনায়ক হওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: November 25, 2026, 5:04 am

দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন অতিক্রম করে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে জনগণের সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তাঁর দূরদর্শী ভাবনার কথা জানিয়ে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সেই বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে তিনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। তাঁকে ঘিরেই বর্তমানে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন সর্বস্তরের মানুষ। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা পেছনে ফেলে তিনি এখন রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার তাঁর পরিচয়ের সূচনা ঘটালেও, এখন তাঁর নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুরু হয়েছে রাষ্ট্র পরিচালনার বাস্তব কর্মক্ষেত্রে।

বিরোধী দলে থাকার সময়ে সরকারের সমালোচনা করা বা বিকল্প নীতি তুলে ধরা এক ধরনের রাজনৈতিক ভূমিকা হলেও রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক বক্তব্যকে এখন সুনির্দিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত ও বাস্তবায়যোগ্য নীতিতে রূপান্তর করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। দীর্ঘদিন অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার পর সাধারণ মানুষ এখন অর্থনৈতিক স্বস্তি, সুশাসন, নিরাপদ পরিবেশ ও একটি কার্যকর প্রশাসন প্রত্যাশা করছে। কল্যাণরাষ্ট্র গঠন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যে সরকারের পাঁচ বছরের পরিকল্পনা ও স্বল্পমেয়াদি কর্মসূচিগুলো ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে রূপ দেওয়ার চ্যালেঞ্জ এখন তাঁর সামনে।

একজন সাধারণ নাগরিকের কাছে রাষ্ট্রের কার্যকারিতা নির্ভর করে বাজারে নিত্যপণ্যের দাম, চাকরির সুযোগ, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, মানসম্মত চিকিৎসা সেবা এবং সরকারি অফিসে হয়রানিমুক্ত ও ঘুষবিহীন সেবার ওপর। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি মূল্যস্ফীতি, কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, ব্যাংকিং খাতের সংকট, রাজস্ব আহরণ এবং বৈদেশিক মুদ্রার হ্রাসের মতো নানা জটিলতার মুখোমুখি। এসব চাপ মোকাবিলায় কেবল প্রবৃদ্ধির পরিসংখ্যান দেখালেই চলবে না; জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে এনে মূল্যস্ফীতি কমানো ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে অতিরিক্ত সরকারি চাকরির নির্ভরতা কমিয়ে বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নিশ্চিত করতে হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তারেক রহমানকে নানা আইনি লড়াই ও মামলার মুখোমুখি হতে হয়েছে। ফলে তাঁর সরকারের অধীনে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ প্রতিষ্ঠা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি দল বা বিরোধী দল—যে পরিচয়েরই হোক না কেন, আইনের চোখে সবাই সমান থাকবে—এই নীতি প্রতিষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি শক্তি অর্জন করবে। একই সঙ্গে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা হিসেবে না দেখে সংসদীয় কমিটিকে সক্রিয় রাখা, আইন প্রণয়নে বিরোধী দলের মতামত নেওয়া এবং জাতীয় বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার মাধ্যমে একটি mature বা পরিণত সংসদীয় সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

তরুণদের জন্য বাস্তবসম্মত জাতীয় কর্মসংস্থান পরিকল্পনা প্রণয়নকে সরকারের অন্যতম বৃহৎ সাফল্য হিসেবে নিশ্চিত করতে কারিগরি শিক্ষা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্টআপ, আধুনিক কৃষি ও শিল্প প্রশিক্ষণকে এক ছাতার নিচে আনা প্রয়োজন। তরুণ প্রজন্মকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে না দেখে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির মূল অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি, উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা বজায় রাখতে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে নির্দিষ্ট সময়সীমা শেষে সরকারের কাজের অগ্রগতি প্রকাশ করা যেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি দক্ষ বাস্তবায়ন ও পরিবীক্ষণ কাঠামো গঠন করে উন্নয়ন প্রকল্প এবং মন্ত্রী-কর্মকর্তাদের কাজের নিয়মিত পর্যালোচনা করা জরুরি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিজস্ব দলের লোক বা বিরোধী মতের লোক—সবার ক্ষেত্রেই দ্বৈত মানদণ্ড পরিহার করে সমান আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘সবাইকে নিয়ে বন্ধুত্ব, জাতীয় স্বার্থ সর্বাগ্রে’ নীতি অনুসরণ করে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। বিএনপির নেতা হিসেবে যে রাজনৈতিক শক্তি তিনি অর্জন করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব কেবল দলীয় সমর্থকদের প্রতি নয়; বরং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, বামপন্থী কিংবা নির্দলীয়—সব মতের নাগরিকদের সুরক্ষা দেওয়া। দেশের সর্বস্তরের জনগণের আশা-ভরসার প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হচ্ছে, যেন তিনি অতীত উত্তরাধিকার ছাড়িয়ে রাষ্ট্রনায়কত্বের এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin