বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেতা ও কুস্তিগির সৌরভ গুর্জর। হায়দরাবাদের গাচিবাউলি থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে মুম্বাই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া সৌরভ অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অভিনয় করেছেন।
অভিযোগকারী তরুণীর দাবি অনুযায়ী, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে তারা ফোন নম্বর বিনিময় করেন এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু করার মাধ্যমে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। ওই বছরেরই ২৫ ডিসেম্বর তাদের মধ্যে প্রথম সরাসরি দেখা হয়। সে সময় সৌরভ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং স্ত্রীর মর্যাদা দেওয়ার আশ্বাস দেন বলে দাবি করেছেন ওই তরুণী।
তরুণী আরও অভিযোগ করেন, তারা কেবল ভারতেই নন, যুক্তরাষ্ট্রেও একসঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে সৌরভ তাদের যৌথ ব্যবসা শুরু করার কথা বলেছিলেন। অভিনেতার এই কথায় বিশ্বাস করে তিনি যুক্তরাষ্ট্রে নিজের চাকরিও ছেড়ে দেন। তবে পরবর্তী সময়ে সম্পর্কের জটিলতার কারণে তিনি নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছিলেন না। যখনই তিনি বিয়ের বিষয়ে জানতে চাইতেন, সৌরভ তার ফোন নম্বর ব্লক করে দিতেন এবং দূরত্ব বজায় রাখতেন।
অভিযোগের বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সৌরভ ওই তরুণীর সঙ্গে ছিলেন। এরপর হায়দরাবাদে একসঙ্গে থাকার সময়ে কোনো ধরনের তথ্য না জানিয়েই অভিনেতা হঠাৎ চলে যান। এরপর তার সাথে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর, চলতি বছরের ১৫ আগস্ট গাচিবাউলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং অবশেষে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদে নিয়ে আসা হয়।





