ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের চাপ দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শিগগিরই ঘোষণা করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে অবগত দুটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তারা এই তথ্য নিশ্চিত করেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তা ও দুটি নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হতে পারে। তবে নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে ছয় থেকে সাত মাসের একটি ‘গ্রেস পিরিয়ড’ বা বিশেষ সময়সীমা দেওয়া হবে। এই সময় পার হওয়ার পর আইসিসির সঙ্গে বেশির ভাগ আর্থিক লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে।
এর আগে ওয়াশিংটন আইসিসির বেশ কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এবার পুরো সংস্থা এবং এর সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই আইসিসির রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞার ফলে আদালতের আইটি সেবা, বিমা কেনা, তদন্তকারী নিয়োগ এবং দৈনন্দিন আর্থিক কার্যক্রম যেমন—যুক্তরাষ্ট্রের নাগরিক বা কর্মীদের বেতন পরিশোধের মতো বিষয়গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০১





