হাসিনার সমর্থকদের সহিংসতায় বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন চাপ

Published: November 25, 2026, 2:47 am

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাপ্রবাহের জেরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে। ‘ডেডলি প্রোটেস্ট ইরাপট ইন বাংলাদেশ ওভার এক্সাইলড ফর্মার লিডার, হোয়াট টু নো’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলমান রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে সীমিত পরিসরে সহিংস তৎপরতা চালাচ্ছে। তারা পুলিশ স্টেশনের পাশাপাশি গণপরিবহন ও একটি হাসপাতালে আগুন দিয়েছে। এছাড়া বিএনপির দুই নেতার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন, যার মধ্যে বাসে আগুন দেওয়ার ঘটনায় দুইজন পরিবহনকর্মী এবং ক্ষমতাসীন দলের দুইজন সদস্য রয়েছেন। বিক্ষোভকারীরা আগামী দিনগুলোতে আরও কর্মসূচি পালনের হুমকি দিয়েছে।

সহিংসতার তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক টানা ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখে। এই সময়ে অস্ত্র হাতে মিছিল, পুলিশের গাড়িতে আগুন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনা ঘটে। শুক্রবার সকালে মহাসড়কটি খুলে দেওয়া হলেও পুলিশ এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং তার ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট কূটনৈতিক জটিলতাও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি সেই রায় প্রত্যাখ্যান করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে বাংলাদেশ সরকার তাকে এসব নথি দিতে অনিচ্ছুক।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের নতুন সরকারের অসন্তোষ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে ভারতের কাছে তাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। যদিও ভারত তাকে প্রত্যর্পণ করবে এমন সম্ভাবনা কম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি, যদিও ঢাকা এখনো ওই আমন্ত্রণের জবাব দেয়নি।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের প্রতি পরোক্ষ অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন যে, কিছু লোক ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছে। সব মিলিয়ে সাম্প্রতিক এই সহিংসতা দুই দেশের বিদ্যমান সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin