আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোট ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে পুরুষ প্রবাসীর সংখ্যা ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী প্রবাসীর সংখ্যা ২ হাজার ২১১ জন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩ হাজার ২৫০ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১০ হাজার ৮১৪ জনকে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আলোচ্য সপ্তাহে ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই সংখ্যাটি ওই সপ্তাহে নতুন করে গ্রেফতার হওয়া ১০ হাজার ৭৮৩ জনের সংখ্যার চেয়ে আলাদা। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জন এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে ২৮ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের সহায়তা, আশ্রয় বা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পদ জব্দ করা হতে পারে এবং দোষীদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।





