ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Published: November 23, 2026, 7:43 am

ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নকল দুধ তৈরির সময় আবুল হোসেন ও ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও, দুই ভ্যান চালক আসলাম ও চাঁদ আলীর কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে কারখানা থেকে তিন ড্রাম নকল দুধ, তিন ড্রাম জেলি এবং আধা কেজি কস্টিক সোডা জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রী পরে ধ্বংস করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh