যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির এ নামফলক রোববার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। এর আগে শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেই নামফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির মূল উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উন্মোচন অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ এবং ডা. মনজুরুল হক অংশ নেন।
নতুন উন্মোচিত সড়কটি শিকাগোর বিশ্ববিখ্যাত ১১০ তলা ভবন উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) ঠিক পাশেই অবস্থিত। ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি ‘এফ আর খান’ নামে সর্বজনপরিচিত। বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা প্রকৌশলী এফ আর খানের স্থাপত্যকীর্তির পাশেই স্থান পেল দেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই সড়ক।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সাথে নিয়ে প্রবাসী নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে সড়কটির নামকরণের প্রক্রিয়া পরিচালিত হয়। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়। তিনি তিনবার জনগণের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে তাঁর বিজয়ের বিষয়টি প্রস্তাবনায় বিশেষভাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালেও শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।





