মোদি কেন নিজেরই পৃষ্ঠপোষক শিল্পপতিদের ওপর চটছেন

Published: November 23, 2026, 2:36 am

মাত্র কয়েক মাস আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের ‘জনসেবা’ উদ্‌যাপনের হিড়িক পড়েছিল। সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের পঞ্চায়েত প্রধানদেরও দায়িত্ব দেওয়া হয়েছিল মোদিকে ‘বিকাশ পুরুষ’ হিসেবে বন্দনা করার। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তথাকথিত ‘গুজরাট উন্নয়ন মডেল’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মূল ভিত্তি ছিল করপোরেট খাতের সঙ্গে এক নতুন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তখনকার বয়ান ছিল, আগের সরকারগুলো শিল্পপতিদের ‘লোভী পুঁজিপতি’ হিসেবে দেখত, কিন্তু মোদি তাদের জাতীয় অগ্রযাত্রার অংশীদার হিসেবে সম্মান করেন।

তবে গত বৃহস্পতিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সেই চিত্র সম্পূর্ণ উল্টে যেতে দেখা গেল। প্রধানমন্ত্রী অনেকটা বিরক্তির সুরে ভারতের ‘সম্পদ সৃষ্টিকারীদের’ নীতিতে পরিবর্তন এবং বিশেষ সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষার জন্য তিরস্কার করেন। দীর্ঘ এই বক্তৃতাকে অনেক ইতিহাসবিদ ভবিষ্যতে মোদির রাজনৈতিক নেতৃত্বের মডেল ভেঙে পড়ার মুহূর্ত হিসেবে চিহ্নিত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

শিল্পোদ্যোক্তাদের সামনে প্রধানমন্ত্রী আধুনিক পুঁজিবাদ সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়েছেন। ১৯৯১ সালের পর থেকে ভারতের করপোরেট খাত বৈশ্বিক পুঁজির সঙ্গে আঁতাতের সম্পর্ক গড়ে তোলার অবাধ সুযোগ পেয়েছে। তিনি আক্ষেপের সুরে বলেছেন, ‘এর চেয়ে বড় ঐতিহাসিক সুযোগ আর হতে পারে না। আমার এত প্রচেষ্টার পরও যদি আপনারা লাভবান না হন, তাহলে আর কারা হবেন?’ অথচ দিল্লি স্কুল অব ইকোনমিকসের একজন নবীন অধ্যাপকও জানেন যে, করপোরেট খাত রাজনীতিকদের উচ্চাভিলাষী প্রকল্প বা ‘মেক ইন ইন্ডিয়া’ বাস্তবায়নের জন্য কাজ করে না। পুঁজিবাদ একটি নৈর্ব্যক্তিক ব্যবস্থা, কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এসেছেন।

মোদি নিজেকে বরাবরই ভারতের করপোরেট খাতের অভিভাবক ও পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরতে চেয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে, ধনাঢ্য ব্যবসায়ীরা বরং নিজেদেরই তাঁর পৃষ্ঠপোষক ও অর্থদাতা বলে মনে করেন। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন ব্যবসায়ীরাই মোদিকে ব্যবসাবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেতে সাহায্য করেছিলেন। এখনকার শীর্ষ করপোরেট গোষ্ঠীগুলো মোদির ব্যক্তিপূজার সংস্কৃতি এবং কীভাবে জনসমাগম ঘটানো হয়, তা খুব ভালো করেই জানে। বিজেপির নির্বাচনী বন্ড কেনা থেকে শুরু করে রাজনৈতিক দল ভাঙা বা জোট গঠনেও তাদের ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী শিল্প খাতকে কর্মীদের বেতন না বাড়ানোর জন্য সরাসরি ভর্ৎসনা করেছেন। অথচ কয়েক মাস আগে নয়ডায় ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ দিয়ে দমন করা হয়েছিল এবং ট্রেড ইউনিয়নকর্মীদের জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয়েছিল। জেলা ম্যাজিস্ট্রেটের সেই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিচার বিভাগ সমালোচনা করলেও সরকার তাদের রক্ষায় আইনজীবীদের মাঠে নামিয়েছিল।

এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে মোদির এই বক্তব্য তাঁর সরকারের সমর্থন ও স্বস্তির ভিত্তি হারিয়ে ফেলারই ইঙ্গিত দেয়। তিনি যতই ‘বন্ধুত্বপূর্ণ সরকার’ হওয়ার দাবি করুন না কেন, ভারতের শক্তিশালী করপোরেট গোষ্ঠী প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার কাছে নতি স্বীকার করবে না। ‘আমার নাগরিকেরা’ বলে সম্বোধন করা প্রধানমন্ত্রীর এই আত্মম্ভরিতা ব্যবসায়ী মহল ভালোভাবেই টের পাচ্ছে। সামনের দিনগুলো মোদির জন্য আর ততটা সুখের হবে না বলেই মনে হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo