বিশ্ব অর্থনীতি রক্ষায় ইরানের সঙ্গে দ্রুত শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

Published: November 22, 2026, 3:01 am

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি স্বাক্ষরের তাগিদ দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাতের দ্রুত সমাধান না হলে প্রতিদিন অর্থনৈতিক ক্ষতির পরিধি বাড়বে এবং আন্তর্জাতিক বাজারেও এর মারাত্মক প্রভাব পড়বে।

শনিবার তুরস্কের স্থানীয় সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সংঘাত অব্যাহত থাকায় উদ্ভূত অর্থনৈতিক চাপ বহু দেশের জন্য প্রতিদিন আরও জটিল হয়ে উঠছে এবং এ পরিস্থিতি শেষ পর্যন্ত অত্যন্ত ধ্বংসাত্মক রূপ নিতে পারে। তবে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুতই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সংকট নিরসনে তুরস্ক সর্বোচ্চ ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, একটি কার্যকর যুদ্ধবিরতি অর্জিত হলে বিশ্বব্যাপী চলমান আর্থিক ধাক্কা অনেকটাই সামলে নেওয়া সম্ভব হবে।

বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। যদিও বর্তমানে এই প্রক্রিয়াটি কিছুটা অচলাবস্থার মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও মধ্যস্থতার চেষ্টা থামেনি জানিয়ে তিনি জানান, এ বিষয়ে সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

ইরানকে ঘিরে তৈরি হওয়া বহুমুখী বিরোধ নিষ্পত্তিতে দুটি পৃথক কূটনৈতিক কাঠামোর রূপরেখা তুলে ধরেন হাকান ফিদান। তাঁর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক জটিলতা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যস্থতায় সমাধান করা উচিত। অন্যদিকে, অঞ্চলটির অন্যান্য বিরোধ বাইরের শক্তির ওপর নির্ভর না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদেরই সরাসরি আলোচনার মাধ্যমে নিরসন করা প্রয়োজন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh