পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তেহরানের ভাষ্য অনুযায়ী, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমানটিকে শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পাইলট তার অভিযান বাতিল করে নিকটস্থ একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা বাহিনী যুদ্ধবিমানটির গতিবিধি অনুসরণ করছিল এবং পরবর্তীতে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে কোন বিমানঘাঁটিতে যুদ্ধবিমানটি অবতরণ করেছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান।
এদিকে ইরানের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান হামলার শিকার হয়নি এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।





