আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

Published: November 21, 2026, 8:40 am

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করা এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের জন্য বয়ান তৈরির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকের বক্তব্যকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অবস্থানের কথা জানানো হয়।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ওই শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে তাদের পক্ষে জনমত গড়ে তোলার দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে।

জাবি ছাত্রদল বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। এমন প্রেক্ষাপটেও অভিযুক্ত শিক্ষকরা চতুরতার সঙ্গে সুস্পষ্ট অবস্থান এড়িয়ে যাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে ইতিহাস বিকৃতির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমানে দলটির সব ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও এর নেতাকর্মীরা মানুষের জানমাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা অব্যাহত রেখেছে। অপরাধের দায় স্বীকার না করে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা না করে কোনো ধরনের দায়মুক্তির বয়ান গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে জাবি ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে যে, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আড়াল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন কেন্দ্র হতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ১৬আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ২৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh