আইসিজের রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

Published: November 21, 2026, 3:08 am

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে একতরফা ও ‘অন্যায্য’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর রাষ্ট্রীয় গণহত্যা চালানোর দায়ে দেশটির বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেওয়ার পরদিন এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় মিয়ানমার সরকার।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে গত শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সো আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয় এবং এটি ন্যায়সংগত নয়।” তিনি আরো অভিযোগ তোলেন, বিশ্বের প্রধান নেতারা এর আগে আইসিজের মতো 'রাজনৈতিক সংস্থাগুলোর' বিচারিক ক্ষমতার অপব্যবহার রোধ করার পক্ষে মত দিয়েছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন আইসিজে। মামলাটি দায়েরের দীর্ঘ সাত বছর পর আদালতের ১৯১ পৃষ্ঠার এই চূড়ান্ত সিদ্ধান্ত সামনে এলো। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এবারই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি হলোকাস্টের পর আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যার মানদণ্ড পূরণ হওয়ার ক্ষেত্রে এটি মাত্র চতুর্থ ঘটনা।

আইসিজের বিচারকরা রায়ে উল্লেখ করেছেন, তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে, সংঘটিত এসব বেআইনি অপরাধের বিপরীতে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে, যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করার নির্দেশ দেওয়া হয়। রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যও উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেপ্তার হন এবং ৫০০ দিনেরও বেশি সময় কারাবন্দি ছিলেন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে চরম নিপীড়ন ও বৈষম্যের শিকার। বর্তমানে গৃহযুদ্ধকবলিত রাখাইন রাজ্যে তাদের ওপর সহিংসতা আরো বাড়ছে। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছেন। আইসিজের এই রায়ে বাংলাদেশের শিবিরগুলোতে হাজার হাজার রোহিঙ্গা উল্লাস প্রকাশ করলেও নিজ জন্মভূমিতে কবে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh