পরিবেশ রক্ষার প্রচারণায় করপোরেট প্রতিষ্ঠানের সবুজ ধোঁকাবাজি

Published: November 20, 2026, 2:40 am

বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কাছে পরিবেশবান্ধব অবস্থান এখন আর কোনো নৈতিক দায়বদ্ধতা নয়, বরং ব্যবসায়িক মুনাফা বৃদ্ধির বিজ্ঞাপনী কৌশলে পরিণত হয়েছে। রঙিন বিজ্ঞাপনে প্লাস্টিক পরিহার, কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি কিংবা বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য ফুটিয়ে তুলে প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিবেশপ্রেমী হিসেবে জাহির করছে। তবে এসব বিজ্ঞাপনী দাবির সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য কতটা, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। পরিবেশবান্ধব প্রচারণার আড়ালে ব্যবসায়িক স্বার্থ হাসিলের এই প্রবণতাই 'গ্রিনওয়াশিং' বা 'সবুজ ধোঁকাবাজি' হিসেবে পরিচিত।

গ্রিনওয়াশিং শব্দটির উদ্ভাবন ১৯৮৬ সালে। যুক্তরাষ্ট্রের পরিবেশকর্মী জে ওয়েস্টারভেল্ট পরিবেশ সুরক্ষার মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচারণাকে চিহ্নিত করতে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। বর্তমানে বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে পরিবেশ সচেতনতা বাড়ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক করপোরেট প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়ক, লোগো ও বিজ্ঞাপনে 'পরিবেশবান্ধব', 'ইকো-ফ্রেন্ডলি', 'শতভাগ প্রাকৃতিক' কিংবা 'টেকসই'-এর মতো শব্দ ব্যবহার করে গ্রাহকদের আকৃষ্ট করছে। কিন্তু কার্যকর পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়ার বদলে তারা কেবল নিজেদের ভাবমূর্তি সবুজ হিসেবে গড়ার প্রতিযোগিতায় নেমেছে।

প্রসংগত, কোনো প্রতিষ্ঠান সত্যি সত্যি পরিবেশবান্ধব হতে চাইলে প্রযুক্তি, গবেষণা, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়, যা বেশ ব্যয়বহুল। সেই তুলনায় বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে পরিবেশবান্ধব ভাবমূর্তি তৈরি করা অনেকটাই কম ব্যয়বহুল। ফলে কম খরচে বিক্রি ও মুনাফা বাড়াতে অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপনের পথকেই বেছে নেয়। এতে করে কোম্পানিগুলো আর্থিকভাবে লাভবান হলেও সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। নদী-নালা, বায়ু ও বনাঞ্চলের ওপর ক্ষতিকর প্রভাব অব্যাহত থাকছে এবং ভুল তথ্যের কারণে ভোক্তারাও আস্থা হারাচ্ছেন। ফলে প্রকৃত পরিবেশ সুরক্ষার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভোক্তাদের বিশ্বাসের সঙ্গে এক ধরনের প্রতারণা।

এই সবুজ ধোঁকাবাজি থেকে পরিবেশকে রক্ষা করতে এবং টেকসই উদ্যোগ বাস্তবায়নে প্রথমত রাষ্ট্রীয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। দ্বিতীয়ত, করপোরেট প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব দাবির সঠিক যাচাই ও স্বচ্ছতা নিশ্চিতে বৈজ্ঞানিক ও ল্যাব টেস্টের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। তৃতীয়ত, মিথ্যা প্রচারণা প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তির আইন প্রবর্তন করতে হবে। চতুর্থত, কেবল আইনি পদক্ষেপ নয়, প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দায়িত্বশীলতা এবং পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদের সচেতনতা বাড়াতে হবে। পঞ্চমত, করপোরেট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ষষ্ঠত, পরিবেশ সুরক্ষায় গৃহীত পদক্ষেপের বাস্তব ফলাফল নিয়মিত জনসম্মুখে প্রকাশ করা উচিত।

পরিবেশ রক্ষায় ভুয়া প্রচারণার বদলে বাস্তব ও কার্যকর পদক্ষেপ এবং সঠিক তথ্যই ভোক্তাদের আস্থা ফেরাতে পারে। রাষ্ট্র, করপোরেট প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই গ্রিনওয়াশিং রোধ করে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সক্ষম।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮: ২৯আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮: ৩১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh