ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে এবং জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনটিতে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক হঠাৎ বাসভবনটিতে প্রবেশ করে তাণ্ডব ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দলীয় বক্তব্য পাওয়া যায়নি এবং হামলাকারীদের পরিচয়ও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাড়ির বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন না। এছাড়া একই ভবন কমপ্লেক্সের অন্য ভবনে তাঁর বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক থাকতেন, যিনি নিজেও বর্তমানে বরিশালে নেই। উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের কাজ সম্পন্ন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।





