রিমান্ডে এনসিপি নেতা তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ

Published: September 20, 2026, 11:52 am

পুলিশ ও কারা হেফাজতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিবাদ জানান। হাসপাতালে চিকিৎসাধীন তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা অত্যন্ত মর্মাহত ও উদ্বিগ্ন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃদ্বয় তানভীরের অভিযোগের বরাত দিয়ে জানান, রিমান্ড চলাকালে তাঁকে কারাগারের ফাঁসির সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অজ্ঞাত ইনজেকশন প্রয়োগ করা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার পর তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া, আদালতে বিচারকের সামনে নির্যাতনের কথা প্রকাশ করলে তাঁর সন্তানদের গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও তানভীর অভিযোগ করেছেন।

এবি পার্টির নেতারা জোর দিয়ে বলেন, কোনো নাগরিক অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতে তাঁর বিচার ও শাস্তি হবে। কিন্তু রাষ্ট্রীয় হেফাজত কোনো অবস্থাতেই নির্যাতনের আখড়া হতে পারে না। রিমান্ডের আগে ও পরে তানভীরের শারীরিক অবস্থার কেন এমন পরিবর্তন হলো, হেফাজতে তাঁকে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, কোনো ইনজেকশন দেওয়া হয়ে থাকলে তা কী ছিল এবং কার নির্দেশে এই কাজ করা হয়েছে—এসব বিষয়ে সরকারকে অবশ্যই স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

অবিলম্বে এই বর্বর ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছেন এবি পার্টির শীর্ষ নেতারা। একই সঙ্গে তাঁরা তানভীরের পূর্ণাঙ্গ মেডিকেল রেকর্ড পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানবাধিকার সুরক্ষায় একটি স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বর্তমান মানবাধিকার কমিশন আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে নেতৃদ্বয় গাজী সালাহউদ্দিন তানভীরের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh