নভেম্বরে তিনটি লঘুচাপ ও দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

Published: November 6, 2026, 5:01 am

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস উপস্থাপন করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগভিত্তিক হিসেবে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ থেকে ৪০ মিলিমিটার এবং রংপুর বিভাগে সবচেয়ে কম ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা ও কুয়াশার বিষয়ে জানানো হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থান ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। নদ-নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয় এবং অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh