তৈরি পোশাক শিল্পের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তোলা এবং ব্যবসা পরিচালনার জটিলতা নিরসনে বিশ্বব্যাংকের কাছ থেকে নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সহায়তা প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বাণিজ্যমন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়টি মাথায় রেখে সরকার আগামী তিন বছরের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এই পরিকল্পনার আওতায় নাগরিক ও ব্যবসায়িক সেবাগুলো 'ইনভেস্ট বাংলাদেশ'-এর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে পুরোপুরি অনলাইনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ব্যবসায়ীদের বিভিন্ন দপ্তরে যে দীর্ঘসূত্রতার সম্মুখীন হতে হয়, তা দূর করে পুরো প্রক্রিয়াটি ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এ সময় চামড়া শিল্পের উন্নয়নে সাভারের চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের লক্ষ্যে সেখানে নতুন একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে একে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।





