রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের বাসিন্দা এবং ফুল মিয়ার ছেলে। পেশাগত জীবনে তিনি প্রাণ-আরএফএল কোম্পানির লাচ্চি গ্রুপের এসআর কাম ডিলার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানির একটি সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে কাউনিয়ার ভেলুপাড়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





