ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসা কেন্দ্র করে বিরোধের জেরে সুরুজ্জামান (৩২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বারেড়া এলাকার মুজিব মার্কেটে ভুট্ট’র কাপড়ের দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুরুজ্জামান ময়মনসিংহ মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত সুরুজ্জামান মধ্যবাড়েরা এলাকার বাসিন্দা মৃত আবু বক্কর সিদ্দিক ব্যাপারীর ছেলে। পেশায় তিনি মৎস্য (ফিসারি) ও বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর ১৩ বছরের একটি ছেলে সন্তান (আদিব মাহমুদ) এবং ৪ বছরের একটি মেয়ে সন্তান (আদিবা) রয়েছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুরুজ্জামান নিজ বাড়ি থেকে তাঁর ছোট শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের গতি কমালে স্থানীয় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তারা সুরুজ্জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর জখম অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই ও মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুমান কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র আগে এলাকায় একচ্ছত্র বালু ব্যবসা পরিচালনা করতো। নতুন করে তাদের বালু ব্যবসা করতে না দেওয়ার জের ধরেই তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল উল্লেখ করে তিনি ভাই হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, হত্যাকাণ্ডের আসল রহস্য ও প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রাফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





