খুলনায় আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান চাকরির প্রতিযোগিতা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে ব্যস্ত তরুণ প্রজন্ম ক্রমেই মানবিক শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। এতে সমাজে মানবিকতা, সহনশীলতা ও শান্তির চর্চা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পাঠ্যবইয়ের বাইরে নিয়মিত বই পড়া এবং জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার ষষ্ঠ দিনে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ওয়াসা-র চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই প্রতিযোগিতার যুগে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে সন্তানরা দিন দিন মানবিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ মানবিক মূল্যবোধ ছাড়া প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। মানব ইতিহাসের শুরু থেকেই যুদ্ধ ও সংঘাতের নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগ্রাসন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে কখনো কখনো প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়ে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধও ছিল বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম।
আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, বইমেলার সার্থকতা কেবল বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং বইয়ের সঙ্গে মানুষের একটি স্থায়ী সম্পর্ক তৈরি করাই এর মূল উদ্দেশ্য। নিয়মিত বই পড়ার অভ্যাস বজায় থাকলে মানুষ যেমন প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি মানবিক মূল্যবোধ ও বিশ্বশান্তির ধারণা উপলব্ধি করতে সক্ষম হবে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসা-র ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমেনা খানম। এতে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা এবং আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল।





