৪২ পর্বে শেষ হচ্ছে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’

Published: November 15, 2026, 1:54 pm

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। নাটকটির টানটান চিত্রনাট্য, আবেগপূর্ণ দৃশ্য এবং শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ভক্তদের মনে একটি বড় কৌতূহল দানা বেঁধেছিল—প্রিয় এই নাটকটি ঠিক কত পর্বে গিয়ে শেষ হবে?

অবশেষে এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘রিভিউইট’-এর প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও এই ধারাবাহিকের পর্বসংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, নির্মাতারা শুরুতে নাটকটি ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দর্শকদের অভূতপূর্ব ও ইতিবাচক সাড়ার কারণে এর পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও আরও জানিয়েছেন যে, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য সুখবর হলো, নাটকটি এখনই শেষ হচ্ছে না। বরং এখনো বেশ কিছু আকর্ষণীয় পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ ও উন্মাদনা যদি একই ধারায় অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে নাটকটির পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

নাটকটির জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা রসিকতা করে বলছেন, তারা এই নাটকের ‘হাজার পর্ব’ দেখতেও রাজি। তবে একইসাথে কিছু দর্শকের মনে আশঙ্কাও রয়েছে যে, গল্পকে অহেতুক দীর্ঘায়িত করলে নাটকটির মূল গভীরতা ও আকর্ষণ হারিয়ে যেতে পারে কি না।

খ্যাতিমান কথাসাহিত্যিক উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে ‘থ্রি এস এন্টারটেইনমেন্ট’। এটি জনপ্রিয় টিভি চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি ‘এআরওয়াই প্লাস’ অ্যাপেও নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও জারিয়াবের ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে শেহরিয়ার মুনাওয়ার এবং দুরে ফিশান সেলিম। জারিয়াব ও আবুবকরের মধ্যকার ভালোবাসা এবং তাদের জীবনের নানা ওঠানামা ও পরিবর্তনের গল্প নিয়ে এগিয়ে চলা এই নাটকের পরবর্তী চমক দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকেরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh