১৫ নভেম্বর প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্রে তাঁর আবির্ভাব ঘটেছিল এমন এক সময়ে, যখন উত্তমকুমার ছিলেন বাঙালির রোমান্টিক কল্পনার মূল কেন্দ্রবিন্দু। সেই বিপুল জনপ্রিয়তার আবহে নিজেকে কোনো নির্দিষ্ট ধাঁচে আটকে না রেখে নিজস্ব অভিনয়ভাষা গড়ে তুলেছিলেন সৌমিত্র। উত্তমকুমারের সঙ্গে তাঁর তুলনা হলেও পর্দার উপস্থিতি, ব্যক্তিত্ব ও চরিত্র নির্মাণের দিক থেকে তিনি ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র, যা বাংলা চলচ্চিত্রকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে সৌমিত্রের রূপালী পর্দায় যাত্রা শুরু। প্রথম ছবিতেই স্বপ্নের পাশাপাশি অভাব, ভালোবাসা ও শোকাতুর অপুর দৈনন্দিন সংবেদনশীলতাকে সংযম ও নীরবতার বুননে তিনি তুলে ধরেন। সত্যজিতের সঙ্গে কাজ করতে গিয়ে চরিত্র বদলের নিবিড় প্রস্তুতি ছিল তাঁর বড় শক্তি; ‘চারুলতা’র অমল চরিত্র ফুটিয়ে তুলতে উনিশ শতকের হাতের লেখার ধরন পর্যন্ত আয়ত্ত করেছিলেন তিনি। ‘অভিযান’-এর রুক্ষ নরসিংহ, ‘অরণ্যের দিনরাত্রি’র অসীম কিংবা ‘ঘরে বাইরে’র সন্দীপ চরিত্রে কণ্ঠ ও দৈহিক ভাষার ভিন্নতায় তিনি দক্ষতা দেখিয়েছেন। এছাড়া ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’-এ ফেলুদা হিসেবে বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা ও পরিমিত রসবোধের মিশেলে তিনি দর্শকদের কাছে অমর হয়ে আছেন।
কেবল সত্যজিৎ রায়ের চলচ্চিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ সীমাবদ্ধ ছিল না। তপন সিংহ, মৃণাল সেন, তরুণ মজুমদার ও অজয় করের মতো নামি পরিচালকদের ছবিতেও তিনি বহুমুখী সামর্থ্যের পরিচয় দেন। তপন সিংহের ‘ঝিন্দের বন্দী’ ছবিতে উত্তমকুমারের মুখোমুখি হয়ে ময়ূরবাহনের নেতিবাচক চরিত্রে তাঁর ঔদ্ধত্য ও নিষ্ঠুরতা এক আলাদা মাত্রা যোগ করেছিল। অন্যদিকে ‘কোনি’ চলচ্চিত্রে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ হয়ে প্রতিভাকে গড়ে তোলার জেদ এবং প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের এক স্মরণীয় রূপদান করেন তিনি।
ক্যামেরার পিছনের সৌমিত্র ছিলেন সাহিত্য ও শিল্পের এক একনিষ্ঠ সাধক। নিয়মিত কবিতা লেখার পাশাপাশি তাঁর একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং নিজস্ব রসবোধ ও শব্দের স্পষ্টতায় আবৃত্তিশিল্পেও তিনি তৈরি করেন স্বকীয় শৈলী। চিত্রচর্চাতেও ছিলেন সমান পারদর্শী; তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। ১৯৬১ সালে নির্মাল্য আচার্যের সঙ্গে যৌথভাবে সম্পাদনা শুরু করেন বিখ্যাত সাংস্কৃতিক পত্রিকা ‘এক্ষণ’। পত্রিকাটির নাম দেওয়ার পাশাপাশি এর প্রচ্ছদও এঁকে দিয়েছিলেন সত্যজিৎ রায়। আড্ডা, বই ও লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাঙালির বুদ্ধিবৃত্তিক জগতের সঙ্গে সৌমিত্রের সংযোগ ছিল গভীর।
চলচ্চিত্রের শীর্ষ জনপ্রিয়তার মাঝেও সৌমিত্র নিজেকে প্রতিমুহূর্তে যাচাই করতে ফিরে গেছেন নাট্যমঞ্চে। অভিনয়ের সঙ্গে নাটক রচনা ও নির্দেশনার কাজও করেছেন তিনি। ১৯৭৮ সালে ‘নাম জীবন’ প্রযোজনা দিয়ে তাঁর মঞ্চচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। পরবর্তীতে ‘রাজকুমার’, ‘ফেরা’ ও ‘নীলকণ্ঠ’ নাটকসহ শেক্সপিয়ারের ‘কিং লিয়ার’ অবলম্বনে নির্মিত ‘রাজা লিয়ার’-এ বয়স, ক্ষমতা, নিঃসঙ্গতা ও অসহায়ত্বের জটিল অনুভূতি ফুটিয়ে তুলে অভিনয়কে নতুন উচ্চতায় নেন। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সচেতন থেকে সাংস্কৃতিক ও নাগরিক পরিসরে সর্বদা সোচ্চার ভূমিকা রেখেছেন তিনি।
ছয় দশকের বেশি সময়ের অভিনয়জীবনে বার্ধক্য ও স্মৃতির সংকট নিয়ে অসংখ্য গভীর চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘দেখা’ চলচ্চিত্রে দৃষ্টিশক্তি হারানো কবি, ‘পদক্ষেপ’-এ অবসরপ্রাপ্ত মানুষের জীবনের সংকট, ‘ময়ূরাক্ষী’ ছবিতে স্মৃতিভ্রংশে আক্রান্ত প্রবীণ অধ্যাপক এবং ‘বেলাশেষে’ ছবিতে দীর্ঘ দাম্পত্যের টানাপোড়েনের চরিত্রগুলো তাঁর অভিনয়ে নতুন মাত্রা যোগ করে। ‘পদক্ষেপ’ চলচ্চিত্রের জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান। এছাড়া ২০১১ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার ২০১২ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় এবং ২০১৮ সালে তিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘লেজিয়ঁ দ্য নর’-এ ভূষিত হন। উত্তমকুমারের সঙ্গে তুলনা না টেনে তাই প্রয়াণের ছয় বছর পর অপুর বিষণ্নতা, ফেলুদার তীক্ষ্ণ দৃষ্টি কিংবা ক্ষিতীশ সিংহের অদম্য জেদের মধ্য দিয়েই সৌমিত্র চট্টোপাধ্যায়কে বারবার আবিষ্কার করা যায়।





