মিষ্টি কথার ফুলঝুরিতে মন ভোলাতে না পারলেও নুহাশ পল্লীর শান্ত ও নীরব পরিবেশ হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দেয়। প্রিয়জন পাশে থাকুক আর না-ই থাকুক, চারপাশের স্নিগ্ধ-শ্যামল রূপ এক নির্মল আনন্দে মনকে আবিষ্ট করে রাখে। গাজীপুর জেলার হোতাপাড়ায় পিরুঝালীর নিবিড় অরণ্যে অবস্থিত এই পল্লীতে গাড়ির শব্দের বদলে শোনা যায় কেবল পাখির কলকাকলি। গজারির সারি সারি সবুজ রূপ আর বৃক্ষের শ্যামল ছায়ায় বিশুদ্ধ বাতাস শরীর ও মনকে সতেজ করে তোলে।
ঢাকা থেকে জয়দেবপুর হয়ে হোতাপাড়া বাজার থেকে আট কিলোমিটার দূরে পিরুঝালী গ্রামে নুহাশ পল্লীর অবস্থান। ১৯৯৭ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে ৪০ বিঘা জায়গা নিয়ে এই শৈল্পিক আবাসস্থলটি গড়ে তোলেন। প্রধান ফটকের ডান পাশে মা-ছেলের সাদা ভাস্কর্য দর্শনার্থীদের গতিরোধ করে। সামনে এগোলেই চোখে পড়ে সুইমিং পুল, বিশাল ড্রাগনের প্রতিমূর্তি এবং হুমায়ূন আহমেদের ব্যবহৃত দৃষ্টিনন্দন ভবন। ভবনের জানালার পাশে হাতে ফলের ডালি নিয়ে দাঁড়ানো সুন্দরী রমণীর প্রতিকৃতি যেন আগতদের স্বাগত জানায়। পুকুরপাাড়ে দাঁড়ানো তাম্রবর্ণের মূর্তিটি যেন হাত উঁচিয়ে দুষ্টু ছেলেদের পুকুরে ঢিল ছুড়তে নিষেধ করছে।
নুহাশ পল্লীর পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে শ্বেতপাথরের সমাধিতে চিরনিদ্রায় শায়িত আছেন হুমায়ূন আহমেদ। কাচের দেয়ালঘেরা এই চত্বরের প্রতিটি ধূলিকণা, সবুজ ঘাস আর বাতাসে যেন প্রিয় লেখক মিশে আছেন। মাঠের মাঝখানে একটি গাছ, যার ওপর দুটি ছোট ছোট কাঠের ঘর। হুমায়ূন আহমেদের লেখা ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবির সেই বিখ্যাত দৃশ্যের স্মৃতি বহন করছে এই গাছ ও কাঠের সিঁড়ি।
৪০ বিঘার এই বাগানবাড়িতে কয়েকশ প্রজাতির ফল, কাঠ ও ভেষজ গাছ রয়েছে। এখানে ২৫০ প্রজাতির দুর্লভ ঔষধি, মসলাজাতীয় ফলদ ও বনজ গাছ রয়েছে, যার প্রতিটির গায়ে নাম ও বৈজ্ঞানিক নামসহ পরিচিতি ফলক লাগানো আছে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া জিরাফ, সজারুসহ বিভিন্ন প্রাণীর মূর্তি, মৎস্যকন্যার পুকুর, ‘ভূতবিলাস’ ভবন এবং শুটিংয়ের জন্য তৈরি মাটির ঘর দর্শনার্থীদের মুগ্ধ করে। ক্লান্ত হলে সিমেন্টের গোল চত্বরে বসা বা দোলনায় দোল খাওয়ার ব্যবস্থাও রয়েছে।
নুহাশ পল্লী রক্ষার দায়িত্ব রাষ্ট্রের এবং সম্মিলিতভাবে আমাদের সবার। যাতায়াতের ক্ষেত্রে গুলিস্তান থেকে জয়দেবপুর পর্যন্ত বাসে ১০০ থেকে ১৪০ টাকা এবং সেখান থেকে টেম্পোতে নুহাশ পল্লী পর্যন্ত যেতে ৮০ থেকে ১০০ টাকা খরচ হয়। ১২ বছরের বেশি বয়সীদের জন্য জনপ্রতি ২০০ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। আসা-যাওয়ার খরচসহ ৫০০ থেকে ৬৫০ টাকা বাজেট নিয়ে যে কেউ এই শান্ত রূপ-মাধুর্য উপভোগ করতে যেতে পারেন।





