চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর মামলার প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যপর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে।
গত ১৯ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিপক্ষের করা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আদালত সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর আজকের দিনটি ধার্য করেন। এর আগে গত ৩০ জুন ট্রাইব্যুনাল-২ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। তবে গ্রেপ্তার পাঁচ আসামি এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করায় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়। ২১ সেপ্টেম্বর, ৮ অক্টোবর এবং ১৩ অক্টোবর এই রিভিউ আবেদনের ওপর তিন দফা শুনানি অনুষ্ঠিত হয়।
বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আরও ১৭ আসামি পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলার ফরমাল চার্জ দাখিল করে এবং ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ সুনির্দিষ্ট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন।





