জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ অনুষ্ঠানে যোগ দেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যৌথভাবে এ নৈশভোজের আয়োজন করেন।
তুরস্কের স্থানীয় সময় অনুযায়ী গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়া শহরের সম্মেলনস্থলের ‘গ্রিন জোন’-এ এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মান জানাতেই বর্ণাঢ্য এই কূটনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৈশভোজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সমবেত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কপ-৩১ সম্মেলনের মূল কর্মসূচিতে অংশ নেন। সেখানে সম্মেলনের নির্ধারিত বিভিন্ন সেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিশ্বমঞ্চে উপস্থিত বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় কুশল বিনিময় ও আলাপ আলোচনা করেন।
উল্লেখ্য, জাতিসংঘের এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।





