অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী, ব্যাখা মন্ত্রণালয়ের

Published: November 11, 2026, 6:30 pm

এলজিইডি ভবনে আগের দিন দেওয়া অনানুষ্ঠানিক বক্তব্যের জন্য গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি তাঁর সেসব অনানুষ্ঠানিক বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। ১১ নভেম্বর, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখার সময় তিনি এই দুঃখপ্রকাশ করেন। প্রতিমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এসব অনানুষ্ঠানিক বক্তব্যের সাথে সরকারের কোনো কর্মকর্তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানানো হয়। এছাড়া সরকারি কাজের দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দেওয়া বিজ্ঞপ্তির বিপরীতে লিখিত স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। টিআইবির বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে 'উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা' বলে যে দাবি করা হয়েছিল, তাকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, দায়িত্বশীল পদে থেকে বৈষম্যমূলক বা বৈধ প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেন বৈধ করার চেষ্টার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের স্পষ্ট দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে পরিচালিত এক ধরনের রাজনৈতিক অপপ্রচার।

মন্ত্রণালয়ের দেওয়া স্পষ্টীকরণে প্রতিমন্ত্রীর মূল আনুষ্ঠানিক বক্তব্যের বিষয়টি তুলে ধরে বলা হয়, অনুষ্ঠানে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়ন কাজের মান কঠোরভাবে বজায় রেখে দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী। তিনি প্রকৌশলীদের উদ্দেশ্যে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে কাজের গুণগত মান নিশ্চিত করার পর ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দেন। একই সাথে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনাকে উৎসাহিত করার পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে পিপিআর এবং পিপিএ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আরও জানায়, প্রতিমন্ত্রীর প্রদান করা সেই মূল বক্তব্যকে সম্পূর্ণ উহ্য রেখে একটি নির্দিষ্ট মহল অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বিচ্ছিন্ন অংশ বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে দিয়ে এই বিতর্ক তৈরির অপচেষ্টা চালিয়েছে। সরকার সবসময় প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা 'জিরো টলারেন্স' নীতিতে পুরোপুরি বিশ্বাসী ও প্রতিশ্রুতিবদ্ধ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin