জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত দেশটির সংসদ ভবন রাইখস্টাগের সামনে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা দেশটির জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে। রোববার সকালে ঘটা এই ঘটনায় জার্মান রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন।
পুলিশ ও জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ-এর তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিই জার্মান নাগরিক। এদের মধ্যে ২২ বছর বয়সী একজনকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া ২০ ও ৩২ বছর বয়সী অপর দুজনকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। রাষ্ট্র ও তার প্রতীকের অবমাননা, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের মতো গুরুতর অভিযোগে এই তদন্ত পরিচালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্লাৎস দ্য রিপাবলিক চত্বরে ঘটনাটি ঘটে। ২২ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে ওপরে ওঠেন এবং জার্মানির জাতীয় পতাকা নিচে ফেলে দিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ান। এ সময় অপর দুজন তাঁকে সহায়তা করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে পুলিশ ও দমকল বাহিনী ফিলিস্তিনের পতাকাটি নামিয়ে ফেলে। তবে পতাকাদণ্ডের দড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় জার্মানির জাতীয় পতাকা পুনরায় উত্তোলন করা সম্ভব হয়নি।
ঘটনার প্রতিক্রিয়ায় পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার বলেন, রাইখস্টাগ ভবনের নিরাপত্তা বাড়ানো জরুরি। তিনি বলেন, পার্লামেন্ট যেন কোনো অ্যাকটিভিজমের প্রদর্শনস্থলে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে এবং এতে বার্লিন রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট ঘটনাটিকে চরম অসম্মানজনক এবং বামপন্থী বিশৃঙ্খলাকারীদের পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে, 'পিসফুলি এগেইনস্ট জেনোসাইড' নামের একটি অ্যাকটিভিস্ট গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশই ছিল তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।





