ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে কারাবন্দি কমেডিয়ান রাসেল ব্র্যান্ড

Published: November 9, 2026, 3:30 pm

একসময় বৃটেনের অত্যন্ত জনপ্রিয় সম্প্রচারক ও হলিউড তারকা হিসেবে পরিচিত কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ধর্ষণের দায়ে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারক জোয়েল বেনাথানের সামনে ৫১ বছর বয়সী এই তারকাকে হাজির করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে গত বৃহস্পতিবার তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বিচারক জোয়েল বেনাথান তাকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, মুক্তির আগে ব্র্যান্ডকে তার সাজার অন্তত দুই-তৃতীয়াংশ সময় কারাগারে অতিবাহিত করতে হবে। রায় ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডকে একজন ‘যৌন শিকারি’ হিসেবে অভিহিত করে বলেন, তার এমন ধারণা ছিল যে খ্যাতির কারণে তিনি যখন খুশি যেভাবে খুশি আচরণ করতে পারেন এবং সমাজের সাধারণ নিয়মগুলো তাকে মানতে হবে না।

কারাগারে পাঠানোর ঠিক আগ মুহূর্তে ব্র্যান্ডকে তার স্ত্রীকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে শোনা গেছে। এরপর আদালতের কর্মকর্তারা তাকে প্রকোষ্ঠে নিয়ে যান। আদালতের শুনানিতে সরকারি কৌঁসুলিরা ২০০৯ সালের এক ভুক্তভোগীর বিবৃতি পড়ে শোনান, যাকে ব্র্যান্ড পায়ুপথে ধর্ষণ করেছিলেন। ওই নারী তার বিবৃতিতে জানান, ওই হামলার মানসিক আঘাত তিনি আজও প্রতিদিন বহন করছেন এবং এই যন্ত্রণা যেন কখনোই শেষ হওয়ার নয়।

বিচারের মুখোমুখি হওয়ার আগে থেকেই রাসেল ব্র্যান্ড তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে তার আইনজীবী ইয়ান উইন্টার দাবি করেছেন, ব্র্যান্ড এখন একজন ভিন্ন মানুষ। তিনি মদ ও মাদকাসক্তি থেকে নিজেকে সরিয়ে খ্রিষ্টধর্মে বিশ্বাস স্থাপন করেছেন।

বর্তমানে ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে একটি ঘটনায় অভিযোগকারী ১৬ বছর বয়সী এক কিশোরী। শুক্রবার পুলিশ বাহিনীর প্রধান জানিয়েছেন, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে এলে তিনি অবাক হবেন না। উল্লেখ্য, ধর্ষণ ও যৌন নিপীড়নের বেশ কিছু অভিযোগ থেকে খালাস পেলেও, চূড়ান্ত রায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। এই তারকা ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ এবং ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের পপ সংগীতশিল্পী কেটি পেরির সাবেক স্বামী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin