বয়স বাড়ার সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটি কি ভয়ের কিছু?

Published: November 9, 2026, 7:31 am

অনেকেই মনে করেন, যেকোনো বয়সে নতুন তিল হওয়া স্বাভাবিক নয়। আবার ছোট একটি তিল নিয়েও মনে দুশ্চিন্তা কাজ করতে পারে। হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম জানান, একজন শিশু জন্মগতভাবে এক বা একাধিক তিল নিয়ে আসতে পারে, আবার কারও ক্ষেত্রে জন্মের সময় কোনো তিল নাও থাকতে পারে। শৈশব ও কৈশোরে তিলের সংখ্যা বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়।

তবে জীবনের অন্যান্য পর্যায়েও যে তিলের সংখ্যা বাড়বে না, তা নয়। যেকোনো বয়সেই নতুন তিল দেখা দিতে পারে। আবার বয়সের সঙ্গে সঙ্গে তিলের রং মলিন হয়ে যাওয়া বা কিছু তিল অদৃশ্য হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় শরীরে থাকা আগের তিলগুলো আরও গাঢ় রঙের হয়ে উঠতে পারে। এসবই স্বাভাবিক শারীরিক পরিবর্তন।

বয়স বাড়ার সঙ্গে তিল কেন বাড়ে, তার সুনির্দিষ্ট কারণ বিজ্ঞানীদের কাছে আজও অজানা। তবে সূর্যরশ্মির সংস্পর্শে থাকা, বয়স এবং জিনগত কারণে তিলের সংখ্যা বাড়তে পারে। বাবা-মায়ের পিঠে প্রচুর তিল থাকলে সন্তানের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা দিতে পারে, যা জীবনের বিভিন্ন ধাপে ধাপে প্রকাশ পায়।

কেবল তিলের সংখ্যা বৃদ্ধি পাওয়া কোনো ক্ষতির কারণ নয়। কেউ যদি এটিকে সৌন্দর্যহানিকর মনে করেন, তবে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তা অপসারণ করা যেতে পারে। তিল ত্বকের সমতলে বা কিছুটা উঁচু হতে পারে, এমনকি তিলের ওপর থেকে চুল গজালেও ভয়ের কিছু নেই। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে তিল অপসারণ কোনো আবশ্যক বিষয় নয়; এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনার ওপর নির্ভর করে।

তবে তিলের কিছু বিশেষ লক্ষণের দিকে নজর রাখা জরুরি, যা ক্যানসারের উপসর্গ হতে পারে। তিলের প্রান্ত এবড়োখেবড়ো হলে, আকার বা আকৃতি বদলে গেলে, রং পুরোপুরি পরিবর্তিত হলে, একটি তিলে একাধিক রং থাকলে, তিলে ব্যথা বা চুলকানি হলে, রক্তক্ষরণ হলে, জায়গাটি ফুলে লাল হয়ে উঠলে কিংবা চামড়া উঠে ক্ষত সৃষ্টি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া কয়েক সপ্তাহেও সারে না এমন যেকোনো অস্বাভাবিক দাগ দেখা দিলেও সতর্ক থাকতে হবে।

তবে এমন উপসর্গ দেখা দিলেই ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হওয়া উচিত নয়। বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা বা প্রয়োজনে ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। যেকোনো সমস্যা দ্রুত ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে তা সহজেই সেরে যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo