২ কোটি শিশুকে হামের টিকা প্রদান, আরও ৩৫ লাখকে দেওয়ার লক্ষ্য

Published: October 7, 2026, 6:00 am

দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বুধবার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, নতুন সরকারের নেতৃত্বে তা মোকাবিলা করা হচ্ছে। প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার ও প্রচারণায় দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের কর্মক্ষমতা বা উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচির ওপরও সরকার বিশেষ জোর দিচ্ছে।

টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি (GAVI), ইউনিসেফ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করছেন।

দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিন পর থেকেই সরকার এই কার্যক্রমের পেছনে কাজ শুরু করেছে এবং এর ইতিবাচক অগ্রগতি এখন দৃশ্যমান। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এই বিপুল সংখ্যক শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ডা. আব্দুল মুহিত আরও উল্লেখ করেন, দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও সরকার থেমে নেই। প্রতিটি শিশুর জীবন অত্যন্ত মূল্যবান হওয়ায় একটি শিশুও যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে এবার ‘মপ-আপ ক্যাম্পেইন’ হাতে নেওয়া হয়েছে।

এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে টিকা দেওয়া হবে। প্রতিটি শিশুর জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী এক মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী বাকি ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এই কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, সিটি কর্পোরেশন এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin