আগামী শুক্রবার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর। এই আসরের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে এবারের প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাতটি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি এবং ডাক বিভাগসহ মোট ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অংশগ্রহণকারী অ্যাথলেটদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় গ্রুপে মোট ৪০টি ইভেন্টে লড়াই হবে, যার মধ্যে পুরুষদের জন্য ২২টি এবং নারীদের জন্য ১৮টি ইভেন্ট নির্ধারিত রয়েছে। রানিং ইভেন্টের সঠিক ফলাফল ও সময় নির্ধারণের জন্য ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী অ্যাথলেটদের জন্য থাকছে অর্থ পুরস্কারের ব্যবস্থা।
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ্ জাবের জানান, অ্যাথলেটিকসের উন্নয়নে ফেডারেশন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যার অংশ হিসেবেই এই সামার অ্যাথলেটিকস আয়োজন করা হয়েছে। এছাড়া অ্যাথলেটিকসের জন্য একটি স্থায়ী ভেন্যু নির্মাণের লক্ষ্যে কাজ চলছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, প্রতিযোগিতার শেষে অ্যাথলেটদের নিয়ে দীর্ঘমেয়াদি ক্যাম্প আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন এসএ গেমসে ১০টি পদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন, যার মধ্যে দুটি স্বর্ণপদক পাওয়ার প্রত্যাশা রয়েছে। এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে থাকছে আনোয়ার ইস্পাত।





