ইরানের সব এয়ারলাইন্স বন্ধের হুমকি দিল যুক্তরাষ্ট্র

Published: September 22, 2026, 3:13 am

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৪৩

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের সকল ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান, টিকিট বিক্রয়কারী সংস্থা কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইরানি এয়ারলাইনসকে সেবা প্রদান অব্যাহত রাখবে, তাদের মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ইরানি এয়ারলাইনসের ফ্লাইট অবতরণ করলে তাদের জ্বালানি, ল্যান্ডিং সুবিধা বা টিকিট বিক্রির মতো সেবা দেওয়া যাবে না। এমনটি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক বিধিনিষেধের অংশ হিসেবেই এই সর্বশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতেই মার্কিন অর্থ বিভাগ ইরানের বিমান সংস্থাগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে আগে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে ইরানের বাইরে থাকা যেসব প্রতিষ্ঠান দেশটির বিমান খাতকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান পরিবহন খাত আগে থেকেই সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে দেশটির জন্য নতুন উড়োজাহাজ কেনা, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূলত ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতেই ওয়াশিংটন এই কৌশল অবলম্বন করছে বলে মনে করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh