বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায়। রোববার সন্ধ্যায় ঘটা এই হামলায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক ফিরদৌসসহ আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে ফেরার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীদের মধ্যে দুজন সরাসরি গাড়ির সামনের কাচ ও পাশের জানালা লক্ষ্য করে গুলি চালায়। ফুটেজে এক হামলাকারীকে গাড়ির জানালার একদম কাছে গিয়ে গুলি চালানোর চেষ্টা করতে দেখা গেছে, তবে সে সময় তার অস্ত্রটি আটকে যায়। জানা গেছে, এ সময় অন্তত চারটি গুলি ছোড়া হয়েছিল। হামলাকারীরা আগে থেকে প্রস্তুত রাখা মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার পর চালক ফিরদৌস আহত হলে টাইগার শ্রফ নিজেই সামনের আসন থেকে চালকের আসনে চলে যান। আশপাশের লোকজনের চিৎকারের শব্দ শোনা যায় এবং গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। পরে আহত চালককে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ বর্তমানে নিরাপদে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত পরিচয়ে এক ব্যক্তি একটি অডিও বার্তা পাঠিয়েছেন। অডিওতে দাবি করা হয়, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন কারণ তিনি তাদের নির্দেশ মানছিলেন না এবং অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করছেন। তবে এই অডিও বার্তার সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি।
মহারাষ্ট্র সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশ জানিয়েছে, তারা হামলার উদ্দেশ্য, হামলাকারীদের পরিচয় এবং এর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আটক ব্যক্তির নাম ও তার সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।





