স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, কারণ অনুসন্ধানে তদন্ত

Published: October 29, 2026, 5:51 am

স্পেনের টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে বুধবার দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত একটি স্থির ট্রেনের পেছনে স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেন ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, রেল পরিচালনার নিরাপত্তাব্যবস্থা এলজেডবিতে কম্পিউটারগত ত্রুটির কারণে প্রায় ৬৩ কিলোমিটার এলাকায় ট্রেন চলাচল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রেল অবকাঠামো পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা এডিআইএফ ম্যানুয়ালি ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়। এই পর্যায়ে লাল সংকেত থাকা সত্ত্বেও ভুল নির্দেশনার কারণে রেনফের ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়। ফলে প্রায় ১২৪ মাইল গতিতে চলতে থাকা ট্রেনটি স্থির ইরিও ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ইরিও ট্রেনের ৪৪ জন এবং রেনফের ট্রেনের ২৪ জন যাত্রী রয়েছেন। উদ্ধার অভিযানে পাঁচ শতাধিক জরুরি উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ দল, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি এখনও চলমান রয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন শহরে জরুরিভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে আঞ্চলিক সরকার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি তদন্তের মাধ্যমে অবহেলা বা নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই ঘটনার জেরে দেশটির শ্রমিক সংগঠন সিএসআইএফ পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

উল্লেখ্য, এটি চলতি বছর স্পেনে তৃতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। পরপর এসব দুর্ঘটনার কারণে দেশটির রেল অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বুধবারের এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy