যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। সিলভিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
সিলভিয়াকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এমন এক সময়ে এই পরিবর্তনের ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। উল্লেখ্য যে, এর আগে পিট হেগসেথ সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন।
মার্কিন জয়েন্ট স্টাফের পক্ষ থেকে এক মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং জয়েন্ট ফোর্সের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের সম্মানজনক সেবার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার নতুন জীবন ও পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়েছে।
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২: ১০আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২: ১২





