৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান রাশেদ প্রধানের

Published: November 7, 2026, 5:01 am

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। রাশেদ প্রধান স্পষ্ট করে বলেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না।

বিবৃতিতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য এবং দেশপ্রেমিক জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সে সময় জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’-এর মতো স্লোগান। আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর সেই ঐতিহাসিক চেতনা আজও ধারণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ প্রধান স্মরণ করিয়ে দেন যে, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, যা বাংলার দামাল ছেলেরা ৭ নভেম্বর প্রতিহত করেছিলেন। তবে পরবর্তী ইতিহাস ছিল বেদনাদায়ক। তার অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান নতুন স্বপ্নের সূচনা করলেও বহুমুখী ষড়যন্ত্র এখনো চলমান বলে সতর্ক করেছেন জাগপা মুখপাত্র। তিনি বলেন, আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দোসররা নতুনভাবে দেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে ৭ নভেম্বরের মতো আপামর জনতাকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রাশেদ প্রধান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh