জাপানের স্থানীয় সময় আজ বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের কার্যকর সহযোগিতা চেয়ে তিনি জানান, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও প্রসারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারত্ব জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠককালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ। এছাড়া দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে প্রস্তাবিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করেন।
জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় দেশটির সহযোগিতা আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নেওয়া নানা ইতিবাচক উদ্যোগের ফলে ইতোমধ্যে জাপানি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
বৈঠক শেষে জেটরো প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত থাকে। একই সঙ্গে সুবিধাজনক সময়ে কাতাওকা সুসুমুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





