পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯

Published: October 15, 2026, 8:21 am

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে বৃহস্পতিবার একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে ২৮ শিশু এবং এক নারী শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ২০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই এক নারী শিক্ষিকার মরদেহও উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু ও স্কুলের কর্মী আটকা পড়েছিলেন। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

পেশোয়ারের এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin