নবাবগঞ্জে ৯ অক্টোবর বসছে শরৎকালীন নাড়ু উৎসব

Published: October 5, 2026, 7:14 pm

বাংলার মাটি ও মানুষের শেকড়ের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত হতে যাচ্ছে ‘শরৎকালীন নাড়ু উৎসব ২০২৬’। আগামী শুক্রবার (৯ অক্টোবর) নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই আয়োজনের মূল প্রতিপাদ্য হলো—‘মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দেব সারা বিশ্বে’।

আয়োজকদের ভাষ্যমতে, গ্রামীণ ঐতিহ্য, সৃজনশীলতা এবং মানুষের মিলনমেলাকে একসূত্রে গাঁথতেই প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই উৎসবের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বাঙালির ঐতিহ্যবাহী খাবার ‘নাড়ু’র মাধ্যমে শেকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘এসো, নাড়ুর স্বাদে শেকড়ের গল্প বলি—এসো, বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই’।

উৎসবের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে নাড়ু প্রতিযোগিতা, সম্মাননা ও পুরস্কার বিতরণী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রতিযোগীদের নিজেদের তৈরি পর্যাপ্ত পরিমাণ নাড়ু নিয়ে আসতে হবে। বিচারকরা নাড়ুর স্বাদ, পরিচ্ছন্নতা এবং ডেকোরেশন বিবেচনা করে বিজয়ীদের নির্বাচন করবেন। এছাড়া প্রতিযোগীদের নিজেদের তৈরি নাড়ুর রেসিপিও জমা দিতে হবে। ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠানস্থলে সরাসরি অংশগ্রহণ করা যাবে। অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

নাড়ু প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন সেলেব্রিটি রন্ধনশিল্পী ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা এবং ফুড অ্যান্ড কুলিনারি এক্সপার্ট ইতি মিজান। উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহমুদ আলী খান টুলু। প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দপ্তর সম্পাদক মাহমুদ আরশীন এবং স্ক্রিপ্ট রাইটার সাদিয়া খালিদ রীতি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন তামান্না রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন পেশার গুণীজনরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং অনলাইনে যুক্ত থাকবেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য এবং উদ্যোক্তা অমৃতা দত্ত। নবাবগঞ্জ ললিতকলা একাডেমির (নাফা) ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা উৎসবের সভাপতিত্ব করবেন। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় থাকছেন নাফা’র সাধারণ সম্পাদক এবং ইয়ারা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সায়মা রহমান তুলি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin