টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নিলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটির পেছনের বগিটি লাইনচ্যুত হওয়ার ফলে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন এবং বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনগুলোকে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।





